বিএনপি নেতার বিরুদ্ধে বন্দর ভবনে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

চট্টগ্রাম বন্দর ভবন এলাকায় আবু সাঈদ হারুন নামে এক বিএনপি নেতা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে বলে প্রধান উপদেষ্টা, র‌্যাব ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সেখানকার কিছু ব্যবসায়ী ও ঠিকাদার।

তবে ভয়ে লিখিত অভিযোগে ভুক্তভোগীরা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করেনি। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, বন্দরের ফকির হাটা গোসাইলডাঙ্গা ৩ নং জেটি গেট এলাকার বিএনপি নেতা আবু সাঈদ হারুন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে চাঁদার দাবিতে অব্যাহতভাবে ব্যবসায়ীদের হুমকি দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে এলাকায় অবৈধ দখল কার্যক্রম চলছে। ইতোমধ্যে কয়েকজন ঠিকাদার ও সরবরাহকারীকে নির্যাতন ও লাঞ্ছিত করেছে হারুন ও তার সহযোগিরা। তার লোকজনের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা বন্দর ভবনে প্রবেশ করতে সাহস পাচ্ছেন না। তার অপরাধ কর্মকান্ডের হাত থেকে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারাও রেহাই পাচ্ছেন না।

এ বিষয়ে নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, ‘এ বিষয়ে পুলিশের কিছু করার নেই। ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আমাকে এড্রেস করে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে বিএনপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

নিজেকে চট্টগ্রাম সিটি করপোরশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দাবি করে বন্দরভবন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন আবু সাঈদ হারুন। তিনি আজ রবিবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘আমি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। জাপানের সঙ্গে জয়েন্ট বেঞ্চারে ব্যবসা করি। আমার বিরুদ্ধে কারা, কেন চাঁদাবাজির অভিযোগ দিল তা আমার বোধগম্য হচ্ছে না। আমার দ্বারা সুনির্দিষ্ট অপরাধ সংগঠনের অভিযোগ থাকলে অভিযোগদাতাদের উপস্থাপন করার আহ্বান জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত