নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান ও একটি কাঁচামালের দোকানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (পূর্বাচল রাজস্ব সার্কেল) ওবায়দুর রহমান শাহেল, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন, সেনাবাহীনির ক্যাপ্টেন রিয়াজুল করিম, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
