বিএনপি আপনাদের পাশে আছে, নির্বিঘ্নে পূজা করুন: শামীম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পালিয়ে গেছে। হিন্দুদের বড় উৎসবে তারা ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্র করে সারা দেশে দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। পূজামণ্ডপে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে।

সোমবার (৭ অক্টোবর) সকালে জেলা সদরের একটি আবাসিক হোটেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা নেতৃবৃন্দের সঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি আপনাদের পাশে আছে। এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে। কেউ যেন কোনো নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য বিএনপির সঙ্গে সবাইকে সজাগ থাকতে হবে।

বান্দরবান পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ (বিপ্লব)।

এদিকে মতবিনিময়সভা শেষে বান্দরবানের রাজার মাঠে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত