আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন ব্যবসায়ীরা। এ সময় তারা অনতিবিলম্বে তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দফা দাবি জানান।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটিতে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ১০ সংগঠনের নেতারা জেলা প্রশাসকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানান।
চারটি দাবির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই খাতের উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ গ্রহণ, আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা এবং পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশের জন্য অব্যাহতভাবে নীতি ও আর্থিক সমর্থন সমুন্নত রাখার দাবি জানানো হয়।
হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বার্গি লেকের পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, ‘রোববার জেলা প্রশাসন থেকে রাঙ্গামাটি ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) রাঙ্গামাটিতে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠনগুলোকে নিয়ে জরুরি সভা করি। সেখানে চারটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুরে আমরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে চার দফা দাবি সংবলিত যৌথ বিবৃতি প্রদান করি। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।’
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, তাদের দাবি-দাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।
