আবু সাঈদকে সন্ত্রাসী বলা ম্যাজিস্ট্রেটের শাস্তির দাবি জাবি শিক্ষার্থীদের

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়ায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা দাবি করেন, অভিযুক্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির এমন মন্তব্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের জন্য চরম অবমাননাকর। এছাড়া তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করার পাশাপাশি রাষ্ট্রীয় আইনে যথাযথ শাস্তির দাবি জানান তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণাও দেন বক্তারা।

এর আগে, গত রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিতর্কিত এ মন্তব্যে সমালোচনার মুখে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। পরে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত