শচিন লারা জন্টি রোডসরা আবার ব্যাট-বলের লড়াইয়ে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পিএম

টেন্ডুলকার-লারার ব্যাটিং, জন্টি রোডসের ফিল্ডিং ঝলক, আর ইয়ং মরগ্যানের ক্ষুরধার অধিনায়ত্ব আবার দেখা যাবে। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ- আইএমএল'র ছায়ায় ছয়টি ক্রিকেট পরাশক্তির কিংবদন্তি ক্রিকেটাররা একত্রিত হচ্ছেন। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে গঠিত এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসর শুরু হবে ১৭ নভেম্বর থেকে, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। 

ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা, যেখানে ভারতকে নেতৃত্ব দেবেন শচিন টেন্ডুলকার, শ্রীলঙ্কাকে কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় ম্যাচে শেন ওয়াটসনের অস্ট্রেলিয়া খেলবে জ্যাক ক্যালিসের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ইয়ন মরগ্যানের ইংল্যান্ডের। এছাড়াও ব্রায়ান লারা এবং তার ওয়েস্ট ইন্ডিজ দল মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর লাখনৌ ও রায়পুরে হবে টুর্নামেন্টের ম্যাচ। 

আইএমএল-এর অধিনায়করা 

ভারত: শচিন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজ: ব্রায়ান লারা, শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়া: শেন ওয়াটসন, ইংল্যান্ড: ইয়ন মরগ্যান ও দক্ষিণ আফ্রিকা: জ্যাক ক্যালিস। 

টুর্নামেন্ট নিয়ে শচিন টেন্ডুলকার বলেছেন, "আমি আইএমএল-এ ভারতের নেতৃত্ব দিতে এবং এই লিগের অংশ হতে পেরে রোমাঞ্চিত। মাঠে প্রতিযোগিতা উত্তেজনাপূর্ণ এবং কঠিন হবে। খেলোয়াড়রা বিভিন্ন ভেন্যুতে খেলতে অপেক্ষা করছে। এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসাকে উদযাপন করার একটি সুযোগ।"

আইএমএলের মঞ্চে মহাতারকারা। ছবি: এক্স

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা বলেন, "এত প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে মাঠে ফিরে আসা দারুণ হবে। এই ফরম্যাটটি দ্রুত, উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক—যা ভক্তদের চাহিদা পূরণ করবে।"

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, "আইএমএল ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার সেরা মিশ্রণ নিয়ে আসছে। এটি খেলোয়াড় এবং ভক্তদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হবে।"

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জ্যাক ক্যালিস বলেন, "আবার এমন একটি প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ পাওয়া খুবই রোমাঞ্চকর। আইএমএল আমাদের প্রতিভা এবং খেলার প্রতি আমাদের আবেগকে তুলে ধরবে।"

অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়াটসন বলেন, "এত কিংবদন্তি ক্রিকেটারদের একসঙ্গে একটি লিগে অংশ নিতে দেখা দারুণ ব্যাপার। আমি অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিতে অপেক্ষা করছি এবং আশা করি ভক্তদের জন্য অসাধারণ ক্রিকেট উপহার দিতে পারব।"

শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, "এই ফরম্যাটে আবারও সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলা একটি বিশেষ সুযোগ। ভক্তরা উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখতে পাবেন এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত আবার উপভোগ করবেন।"

লিগের কমিশনার সুনীল গাভাস্কার বলেন, "প্রতিটি দেশের কিংবদন্তিরা আইএমএল-এ অংশগ্রহণ করবেন। তাদের জন্য এটি তাদের দক্ষতা দেখানোর একটি দারুণ সুযোগ এবং বিশ্বকে দেখানোর সুযোগ যে তারা এখনও সেরাদের মধ্যে আছেন। এই খেলোয়াড়রা কখনও সহজে ছাড় দেন না। এটি একটি উত্তেজনাপূর্ণ লিগ হতে যাচ্ছে, যেখানে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। যারা মাঠে এসে বা টেলিভিশনে দেখবেন, তারা দারুণ উপভোগ করবেন।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত