ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী প্রিয়াঙ্কা ইসলামের (২৫) হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় নিটার মূল ফটকের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন নিটারের ভারপ্রাপ্ত পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
জানা যায়, প্রিয়াঙ্কা ইসলাম পড়াশোনা শেষে গত ৮ মাস যাবত গাজীপুরের মাস্কো গ্রুপে মো. সাইদুল ইসলাম খন্দকার সোহাগের অধীনে সহকারী মার্চেনডাইজার পদে কর্মরত ছিল। গত ১১ সেপ্টেম্বর বিকেলে সাইদুল ইসলাম খন্দকার সোহাগ প্রিয়াঙ্কার মা-বাবাকে জানায় সে অসুস্থ অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রিয়াঙ্কার লাশ দেখতে পান। পরে সাইদুল ইসলাম খন্দকার সোহাগকে আসামি করে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেন প্রিয়াঙ্কার পরিবার।
প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, সাইদুল ইসলাম প্রিয়াঙ্কাকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে পুরো বিষয়টিকে আত্মহত্যার প্রমাণের চেষ্টা করে। প্রায় একমাস হয়ে গেলেও অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হয়নি। এর প্রতিবাদে আজ নিটারের শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে নিটারের ভারপ্রাপ্ত পরিচালকসহ শিক্ষকরা প্রিয়াঙ্কা হত্যার সুষ্ঠু তদন্ত এবং আসামির শাস্তির দাবি জানান। তারা বলেন, নিটারের একজন অ্যালামনাইয়ের মৃত্যুতে তারা ব্যথিত এবং সঠিক বিচার চান।
