রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা।
উদ্যোক্তারা বলছেন, দীর্ঘদিন ধরে দেশের বাজারে আকাশ ছোঁয়া ইলিশের দাম। এ কারণে নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা। এই উদ্যোগের কারণে অল্প হলেও এবার ইলিশের স্বাদ নিতে পারবেন জনসাধারণ। তারা বলছেন, এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পারবেন যে কেউ। তবে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে। এই দাম বাড়ানোর সমালোচনা করেছেন অনেকেই। কেউ কেউ আবার এই উদ্যোগকে প্রতারণাও বলছেন।
ইলিশ মাছ কিনতে আসা জামাল উদ্দিন বলেন, ঘোষণা শুনে এসেছি। ইলিশের স্বাদ নিতে পারবো এটা ভালো কথা। কিন্তু দাম বেশি হচ্ছে, এটা কোনোভাবেই মানার নয়। ভালো উদ্যোগের পেছনে যদি ছাড় দেওয়ার মানসিকতা থাকতো তবে উদ্যোগটা প্রসংশিত হতো।
রাজশাহী সাহেব বাজারের মাছ বিক্রেতা মোবারক হোসেন বলেন, কেউ চাইলে গোটা মাছও কিনতে পারবেন। আবার কেউ চাইলে কাটা মাছ কিনতে পারেন। প্রথম দিনে কাটা মাছের বিক্রির চাহিদা বেশি। কাটা মাছ কিনতে হলে সাধারণ কেজি দরের মাছের চাইতে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে। কেননা মাছ কাটার পর নাড়ি ভুঁড়ি এসব কিছু বাদ দিতে হচ্ছে। প্রথম দিন হিসেবে ইলিশ বিক্রি ভালো।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এমন উদ্যোগ। যাতে ইলিশ কিনতে পারে সব শ্রেণিপেশার মানুষ। প্রথম দিনে বেশ ভালা সাড়া পড়েছে বলেও জানান সেকেন্দার আলী। তিনি বলেন, এই কাটা ইলিশ যাতে সব সময় বিক্রি হয় আমরা মনিটরিং করবো। পাশাপাশি কেউ যদি ইলিশ কেটে বিক্রি করতে না চায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
পুকুরে পড়েছিল কমলের লাশ, পরিবারের দাবি হত্যা
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৪ শতাংশে
টিসিবির কার্ড নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮