সেমির স্বপ্নভঙ্গ

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৪ এএম

মঞ্চটি ছিল বাংলাদেশের সেমিফাইনালের পথ সুগম করার। উল্টো সেখানে নিজেদের শক্তির জায়গা ‘রানরেট’ আরও পোক্ত করে সেমির আশা জিইয়ে রাখল ক্যারিবীয় নারীরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দেওয়া ১০৪ রানের লক্ষ্য টপকাতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে ৭৭ বল। ৮ উইকেটের ব্যবধানে হেরে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্নভঙ্গ হয়েছে শারজায়।

‘বি’ গ্রুপে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১০৩ রান। বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে করেছিল ১১৯, স্কটিশদের আটকে দিয়েছিল ১০৩ রানে। ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ৯৭। তৃতীয় ম্যাচে এসেও স্কোর বোর্ডে বড় রান না হওয়ার ব্যর্থতার দায় আরও একবার সেই ব্যাটারদের কাঁধেই। উইন্ডিজ স্পিনার কারিশমা রামহারাকের ঘূর্ণির কাছে পরাস্ত হন দেশের চার ব্যাটার। এর মধ্যে দাঁড়িয়েই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক ছোঁন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিঃসঙ্গ জ্যোতির ব্যাটে আসে ৪ চারে ৪৪ বলে ৩৯ রান।  সহজ লক্ষ্য তাড়ায় তেড়ে খেলে ২২ বলে ৩৪ রান করেন হেইলি ম্যাথিউস। স্টেফানি টেইলর করেন ২৭। শিমেইন ক্যাম্পবেলের ব্যাটে আসে ২১ এবং ডিয়েন্ড্রা ডটিন অপরাজিত থাকেন ৭ বলে ১৯ রানে। নাহিদা ও মারুফা একটি করে উইকেট পান। ৪ পয়েন্ট এবং ১.৭০৮ রানরেট নিয়ে ‘বি’ গ্রুপে এখন সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত