৭ অক্টোবর 'জাতীয় নিপীড়ন বিরোধী দিবস' স্বীকৃতির দাবি 

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু দিবস ৭ অক্টোবরকে 'জাতীয় নিপীড়ন বিরোধী দিবস' হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন 'নিরাপদ বাংলাদেশ চাই' নামে একটি প্লাটফর্ম। 

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে প্লাটফর্মটির মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকারিয়া নিক্সন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ রিদুয়ান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রায়হান উদ্দীন বলেন, গত ৭ অক্টোবর আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 'নিরাপদ বাংলাদেশ চাই' ঢাকার শাহবাগে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে সংহতি সমাবেশ আয়োজন করে। 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের গর্বিত পিতা মো. বরকতউল্লাহ ও তার ছোট ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। সমাবেশ থেকে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীকে (৭ অক্টোবর) জাতীয় নিপীড়ন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই সাথে সরকারকে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানানো হয়।

এ দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা সরকারের কাছে আমাদের দাবির সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক জানানো সংহতিপত্র পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে আমরা আশা করছি, সরকার ৭ অক্টোবরকে জাতীয় নিপীড়ন বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিতে দ্রুত উদ্যোগ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত