জাতীয় দলের খেলা ফেলে নৈশক্লাবে কী করছিলেন এমবাপ্পে?

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নুতন বিতর্ক তৈরি হয়েছে। অনেকে দাবি করছেন, ক্লাবের স্বার্থে তিনি নাকি জাতীয় দলের ম্যাচ খেলছেন না।এবার জাতীয় দলের খেলা বাদ দিয়ে নৈশক্লাবে উদ্দাম পার্টি করার খবরও এলো। অবশ্য এই বিতর্কে সতীর্থদের পাশে পাচ্ছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় গত মাসে পেশির চোটে পড়েন এমবাপ্পে। তবে দ্রুতই তিনি মাঠে ফিরেন। কিন্তু এর আগেই প্রস্তুতির ঘাটতি ও পুরোপুরি সেরে ওঠার জন্য সময় দিতে এমবাপ্পেকে জাতীয় দলের বাইরে রাখেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এতেই শুরু হয় সমালোচনার। দেশের চেয়ে ক্লাবকে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

এর মধ্যেই সুইডিশ সংবাদমাধ্যমে খবর বের হয়, ইসরায়েল-ফ্রান্সের ম্যাচ চলাকালীন সুইডেনের এক নৈশক্লাবে দেখা গেছে এমবাপ্পেকে! আর যায় কোথায়! এতে যেন সমালোচনার আগুনে ঘি পড়ে। এমনকী এ বিষয়ে সংবাদ সম্মেলনে পর্যন্ত প্রশ্ন উঠেছে। জবাবে এমবাপ্পের পাশেই দাঁড়িয়েছেন ফরাসি ডিফেন্ডার ফোফানা।

তিনি বলেছেন, 'ছুটির সময়টায় যার যা ইচ্ছা, সেটা কেউ করতেই পারে। এই ব্যাপারটি নিয়ে আমাদের দলে কোনো কথাই হয়নি। আমি এসবের কিছুই শুনিনি। তবে তার যেটা ইচ্ছা সে করতেই পারে। সে দারুণ এক ছেলে এবং খুবই পেশাদার। আমরা কি ব্যাপারটাকে একটু বেশিই বড় করে দেখছি? জানি না…। সে ফ্রান্সের সেরা ফুটবলার। তাকে নিয়ে এসব প্রচার হবেই। তবে আমার মনে হয়, কখনও কখনও সংবাদমাধ্যম একটু বেশিই করে ফেলে।'

চেলসির এই তরুণ ডিফেন্ডার আরও বলেন, 'কিলিয়ানকে নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই… (দেশের প্রতি) তার নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই। সে দেশকে ভালোবাসে। দলকে সে সবসময়ই সহায়তা করে যাবে। অন্যসব ব্যাপার নিয়ে (নৈশক্লাব) বেশি কথা বলা অবশ্যই বন্ধ করতে হবে। সে ছুটিতে আছে। এই সময়ে যা খুশি করতেই পারে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত