‘ওয়াই প্লাস’ নিরাপত্তা কি, কেন দেওয়া হয়?

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম

সন্ত্রাসীদের গুলিতে ভারতের মুম্বাইয়ে রাজনীতিক বাবা সিদ্দিক নিহতের পরপরই বাড়ানো হয়েছে সালমন খানের নিরাপত্তা। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বলিউড সুলতানের নিরাপত্তা ‘ওয়াই প্লাস ক্যাটাগরি’তে উন্নীত করা হয়েছে।

মূলত ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা ৬ ভাগে ভাগ করা। এগুলো ‘এক্স’, ‘ওয়াই’, ‘ওয়াই প্লাস’, ‘জেড’, ‘জেড প্লাস’ এবং ‘এসপিজি’ বা ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’। যার জীবন যতটা ঝুঁকিপূর্ণ, তার জন্য তত নিবিড় নিরাপত্তা।

এছাড়া ব্রিটিশ আমলের নিয়ম অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে আছে ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ বা ‘পিবিজি’। যাদের মূলত ভারতীয় সেনাবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বে থাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিয়োরিটি ফোর্স বা সিআইএসএফ।

এসপিজি

স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির নিরাপত্তা পান শুধু ভারতের প্রধানমন্ত্রী। তার জন্য বার্ষিক ব্যয়ের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। আগে সোনিয়া গান্ধী এবং রাহুল ও প্রিয়ঙ্কার জন্যেও বরাদ্দ ছিল এসপিজি নিরাপত্তা। ২০১৯ সালের ৮ নভেম্বর কেন্দ্র সরকারের নির্দেশে এসপিজি-র পরিবর্তে তাদের জন্য বরাদ্দ করা হয় ‘জেড প্লাস’ নিরাপত্তা ব্যবস্থা।

অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি এই নিরাপত্তা বলয়ের বৈশিষ্ট বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, মার্সিডিজ, টাটা সাফারির গাড়ি। আকাশপথে যাতায়াতের সময় ব্যবহার করা হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান অথবা এম আই-১৭ হেলিকপ্টার।

এক্স ক্যাটাগরি

এক্স শ্রেণির নিরাপত্তায় সবসময় সঙ্গে থাকেন ২ জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বা পিএসও। অর্থাৎ বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করেন মোট ৬ জন।

ওয়াই ক্যাটাগরি

ওয়াই শ্রেণিতে ২ জন পিএসও-র পাশাপাশি দায়িত্বে থাকেন আরও এক জন সশস্ত্র প্রহরী। যিনি নিরাপত্তা পাচ্ছেন, তার বাড়িতে এই ৩ জন সবসময় মোতায়েন থাকেন। পাশাপাশি রাতের বেলার জন্য বরাদ্দ করা হয় বাড়তি নিরাপত্তা। ১ অথবা ২ জন কমান্ডোসহ ১১ জন থাকেন নিরাপত্তারক্ষার দায়িত্বে।

ওয়াই প্লাস ক্যাটাগরি

ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থায় ১ জন সিআরপিএফ কম্যান্ডার, ৪ জন কনস্টেবলসহ মোট ৫ জন নিরাপত্তারক্ষী সবসময় বাড়ির চারপাশে মোতায়েন থাকেন। পাশাপাশি ৬ জন পিএসও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকেন।

জেড ক্যাটাগরি

জেড নিরাপত্তা ব্যবস্থায় ৪ থেকে ৫ জন এনএসজি কম্যান্ডোসহ ২২ জন নিরাপত্তারক্ষী দিনভর মোতায়েন করা থাকে বাড়ির চারপাশে। বাড়ির বাইরে যেকোনো সফরে থাকেন নিরাপত্তারক্ষী এবং সশস্ত্র প্রহরী।

জেড প্লাস ক্যাটাগরি

জেড প্লাস ব্যবস্থায় জেড-এর সব সুযোগ সুবিধে তো পাওয়াই যায়। সেইসঙ্গে যোগ হয় বুলেটপ্রুফ গাড়ি এবং বাড়তি কিছু নিরাপত্তা। ১০ জনের বেশি এনএসজি কমান্ডোসহ ৫৫ জন থাকেন সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত