পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রায় ৯৪ জন নিহতে হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। বুধবার নাইজেরিয়ার পুলিশ দেশটির উত্তরাঞ্চলে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। খবর এএফপি ও এপির।
নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন অনেকে। ওই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আমরা ৯৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। এছাড়া বিস্ফোরণে আরও ৫০ জন আহত হয়েছেন।
মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে লাওয়ান জানান, ট্যাঙ্কারটি রাস্তায় উল্টে যাওয়ার পর অনেকেই জ্বালানি সংগ্রহ করছিলেন। ওই সময় আকস্মিকভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার কারণে আগুনে পুড়ে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটেছে।
তিনি আরও জানান, বিস্ফোরণের কারণে ধরা আগুন বুধবার (১৬ অক্টোবর) ভোর পর্যন্ত পুরোপুরি নিভিয়ে ফেলা যায়নি।
এর আগে গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশির ভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা ও অতিরিক্ত যানবাহন দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ভারতীয় ১০ বিমানে বোমা হামলার হুমকি
‘ইসরায়েলের প্রধানমন্ত্রী শয়তানের পুত্র’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; জর্জিয়া রাজ্যে আগাম ভোট শুরু