বৈষম্য নিরসন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স কোর্সের সাড়ে ৩ হাজার শিক্ষক এমপিও-ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর তারা রাস্তা অবরোধ করেন। দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি দিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন শিক্ষকরা।
কলেজ শিক্ষক ও শিক্ষক আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোস্তফা কামাল জানান, বৈধভাবে নিয়োগ পাওয়া সাড়ে তিন হাজার শিক্ষকের পক্ষে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করি। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ে বৈঠক করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত কিছুই জানানো হয়নি। এখন পুলিশ বলছে, রাস্তা থেকে উঠে যেতে হবে। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার অফিস যমুনায় যাব।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওনীতিমালা-২০২১ এ জনবল অন্তর্ভুক্ত করেনি বা কোনও নির্দেশনাও দেওয়া হয়নি। ফলে শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছেন না সাড়ে ৩ হাজার শিক্ষক। শিক্ষকরা বিনা বেতনে ৩২বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন।
