ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে ক্রিকেটের ক্ষতি: ইসিবি চেয়ারম্যান

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩২ এএম

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিকে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু রাজনৈতিক কারণে ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা, কিংবা কীভাবে অংশ নেবে- তা নিয়ে তৈরি হয়েছে জটিলতার। এ কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আলোচনাও শোনা যাচ্ছে, যাতে ভারত তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে। কিন্তু আসলে কী হবে?

রাজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে যায়নি ভারতের জাতীয় ক্রিকেট দল। এ কারণে গত এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ভারতের ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। এবারও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করলে টুর্নামেন্ট বর্জনের কথাও শোনা যাচ্ছে ভারত থেকে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড টমসন মনে করেন, ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে ক্রিকেটেরই ক্ষতি হবে। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললে সেটা ক্রিকেটের জন্য ভালো হবে না। মজার ব্যাপার হলো, সাবেক বিসিসিআই সচিব জয় শাহ এখন আইসিসি চেয়ারম্যান। তিনি হয়তো এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারবেন। এখানে ভৌগলিক রাজনীতি এবং ক্রিকেটীয় রাজনীতির ব্যাপার আছে। আমি আশা করি, তারা একটা পথ খুঁজে বের করবে।’

উল্লেখ্য, পাকিস্তান থেকে এখনো ভারতীয় দলকে স্বাগত জানানো হচ্ছে। এর আগে গত এশিয়া কাপের সময় পিসিবির তৎকালীন হর্তাকর্তাদের অনেকেই বলেছিলেন, ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেললে তারাও ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে না। শেষ পর্যন্ত ভারতীয় দল পাকিস্তানে যায়নি, কিন্তু পাকিস্তান ঠিকই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলেছে। তাই পিসিবি এবার কথার লড়াইয় বেশ সতর্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত