বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। এরা এখনও অবস্থান করছে বলেই জুনায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পেরেছে। একইভাবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দিদারকে তারা দিনে-দুপুরে নির্মমভাবে হত্যা করেছে। আর এই সকল খুনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল হাবিবকে হত্যার ঘটনায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোনো স্লথগতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে তাহলে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতার কথা বলছি, একটি পৃথিবী কাঁপানো বিপ্লবের কথা বলছি, ৫ আগস্ট তার অন্তর্নিহিত চেতনা, তার মূলমন্ত্র সেটি ব্যাহত হবে। চেতনাকে অবমূল্যায়ন করা হবে।
এ সময় তিনি জুনায়েদের বাবা জসিম উদ্দিনকে সমবেদনা জানান। বিএনপি নিহতের পরিবারের পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। জুনায়েদের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জুনায়েদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কসহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনসহ জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুরুতর অসুস্থ রাকুল, ৬ দিন ধরে শয্যাশায়ী
বনানীতে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান