মাথায় টাক থাকলে বন্ধুবান্ধব থেকে বাড়ির লোক পর্যন্ত ঠাট্টা-তামাশা করেন। এতে অনেকেই সেলুনে গিয়ে বিশেষ কায়দায় চুল কেটে মাথায় টাক ঢাকার চেষ্টা করেন। চুল গজানোর বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে দামি প্রসাধনীও মাখেন।
এবার সেই সব মানুষের মনোবল বাড়াতে পাশে দাঁড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দলের এক বিধায়ক (এমপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বুধবার (১৬ অক্টোবর) নিজের বিধানসভার টাক মাথার মানুষদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেন উপহার। প্রত্যেককে একটি করে গোলাপ ও একটি পাঞ্জাবি দেন তিনি।
কোজাগরী লক্ষ্মীপূজার সন্ধ্যায় ধুমধাম করে আয়োজন করলেন ‘টাক সংবর্ধনা’ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে ১০০ জনের হাতে গোলাপ ফুল এবং উপহার তুলে দেওয়া হয়।
তৃণমূল বিধায়ক বলেন, ‘আজ আমরা একটা বিশেষ প্রোগ্রাম করেছিলাম। যাদের মাথায় চুল কম, যে লোকদের টাক মাথা, তাদের জন্য সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের দুটি অঞ্চল মিলিয়ে প্রচুর এরকম মানুষ আছেন। যাদের মাথায় চুল কম, তাদের বুদ্ধিও বেশি হয়। সেই কারণে আমরা সেই সমস্ত মানুষকে আজ ডেকেছিলাম। আজ বিজয়ার পরে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের হাতে একটা গোলাপ ফুল এবং সামান্য উপহার তুলে দেওয়া হয়েছে।’
শওকত দাবি করেন, সমাজের উঁচুস্তরের মানুষদের অনেকেই টাক থাকে। তাই টাক মাথাদের বাড়তি কদর করছেন তিনি। তার কথায়, ‘যাদের মাথায় কম চুল থাকে, তারা একটু বেশি বুদ্ধিমান হন। তারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন।’ যদিও শওকতের নিজের মাথাভরতি কালো চুল।
তিনি যে টাক সংবর্ধনা চালু করেছেন, তাতে যে নতুনত্ব আছে, সেটা নিজেই জানিয়েছেন শওকত। আর সেই রেশ ধরেই খোঁচা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তিনি দাবি করেছেন, আগে শুধুমাত্র দুর্গাপূজার কার্নিভাল হত। এখন দ্রোহের কার্নিভাল হচ্ছে। নতুন-নতুন সব ব্যাপার হতে শুরু করেছে। আর টাক সংবর্ধনাও একটা নতুন ব্যাপার।
ফক্স নিউজের সাক্ষাৎকারে কমলার উত্তপ্ত বাক্য বিনিময়