ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:১৬ পিএম

লঘুচাপের প্রভাবে প্রায় সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া আবহাওয়া অফিস।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা এবং বরিশাল অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত