আমরা কখনো আপনাকে ভুলব না

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪০ এএম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সহযোদ্ধাসহ অনুজ শিল্পীরা বলছেন তারা অভিভাবক হারিয়েছেন। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এমনই কথা উঠে আসছে বারবার।

সুজেয় শ্যামের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দীর। ছোটবেলা থেকেই তার ভালোবাসা এবং স্নেহে ধন্য হয়েছেন। ১৯৬৯ সালে তাদের পরিচয়। শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে তিমির নন্দী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বাইরেও আমরা অনেক কাজ করেছি। সুজেয় শ্যামের যে আধুনিক গান, তা নিয়ে কম আলোচনা হয়েছে। স্বাধীন বাংলা বেতারের গানগুলো নিয়েই বেশি আলোচনা হয়েছে। বেতারের গানগুলো ইতিহাসের অংশ।

তার বন্ধু সংগীত পরিচালক শেখ সাদী খান শোক প্রকাশ করে বলেন, সেদিনও ফোন দিয়ে বলেছে আবারও হাসপাতালে যাচ্ছি। বিটিভির পরিবেশ নিয়ে জানতে চাইল। আমি বলেছি এসব নিয়ে এখন ভাবার দরকার নেই। আগে সুস্থতা।

পুরনো দিনের কথা রোমন্থন করে তিনি জানান, চট্টগ্রাম বেতারে একসঙ্গে জয়েন করেছিলাম। ঢাকায় এসে সংগীত পরিচালক আনোয়ার পারভেজের সঙ্গে দুজনই কাজ করেছেন। দিনরাত কেটেছে এফডিসিতে। এখন দুজনেই ওপারে।

শিল্পী কনকচাঁপা তার সোশ্যাল হ্যান্ডলে লিখেছেন, চলে গেলেন আমাদের সংগীতের আরেক কিংবদন্তি। শ্যামদাদা, বাংলাদেশকে আপনি অকৃত্রিম হাতে ঢেলে দিয়েছেন। আমরা কখনো আপনাকে ভুলব না। আপনার আত্মার শান্তি কামনা করছি।

শিল্পী আসিফ আকবর শোক প্রকাশ করে লিখেছেন, শ্রদ্ধেয় সুজেয় শ্যাম কাকা সব সময়ের জন্য আমার শ্রদ্ধাভাজন মুরব্বি ছিলেন। বাংলা গানের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অপরদিকে ‘আমি জীবনের আয়োজন সাজিয়েছি শুধু/ জীবন সাজাতে পারিনি’ উল্লেখ করে সমরজিৎ রায় লিখেছেন, ওপারে শান্তিতে থাকবেন মামা।

বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজয় শ্যাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি একমাত্র মেয়ে রূপা মঞ্জুরী শ্যামসহ অনেক গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

শুক্রবার তাকে শ্রদ্ধা জানাতে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তার সহশিল্পী শাহীন সামাদ, তিমির নন্দী, অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদ, সংগীতশিল্পী খোরশেদ আলম, শুভ্র দেব, বিজন চন্দ্র মিস্ত্রিসহ অনেকে। এছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে অনেকে তার প্রতি শ্রদ্ধা জানান।

১৯৪৬ সালে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন সুজেয় শ্যাম। সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে তাকে একুশে পদক দেওয়া হয়। সংগীত পরিচালক হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার সুর করা ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ ও ‘বিজয় নিশান উড়ছে ওই’ গান দুটি জাতীয় দিবসের অবিচ্ছেদ্য অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত