‘সেরাদের সেরা’ মেসি বললেন, সময় এখন উপভোগের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ এএম

ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড়ও তিনি। তাই মেসিকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। বৃহস্পতিবার রাতে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে ‘আমেরিকা লেজেন্ড’ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় মেসির হাতে।

মার্কার হিসাব অনুযায়ী ক্যারিয়ারে ৪৬টি ট্রফি জয়ের পাশাপাশি ৫৬টি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মেসি। যদিও ইএসপিএনের হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন তারকার মোট ট্রফিসংখ্যা ৪৮। বৃহস্পতিবার মেসির হাতে পুরস্কার তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাচিও গ্যালার্দো ও ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস। পরে মেসি কথা বলেছেন মার্কার সঙ্গে। সেখানে উঠে আসে নানা বিষয়।

কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। দুটি অ্যাসিস্টও করেন। অর্থাৎ ম্যাচে দলের ৬ গোলের পাঁচটিতেই অবদান ছিল মেসির। সেই ম্যাচ শেষে উপভোগের কথা বলেছিলেন মেসি। পুরস্কার নেওয়ার পরও সেই কথাই বললেন। এই মৌসুমে মেজর লিগ সকারে মেসি খেলেছেন ১৮ ম্যাচ। ১৭ গোলের সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি। মায়ামি এই মৌসুমে জিতেছে সাপোর্টারস শিল্ড। জাতীয় দলের হয়েও আছেন দারুণ ফর্মে।

মার্কার সঙ্গে মেসির কথোপকথন তুলে ধরা হলো

শৈশবের প্রথম শিরোপার কথা মনে পড়ে?

মেসি: প্রথম ট্রফির কিছু ছবি দেখেছি, কিন্তু তা মনে করতে পারিনি। আমি তখন বুঝিনি সামনে কী আসছে। ছোটবেলা থেকেই আমি ফুটবল উপভোগ করতাম। এটা আমার সবচেয়ে বড় ভালোবাসা।

আপনি কি শিরোপা গোনেন?

মেসি: আমি শিরোপা গুনি না, বিশেষ করে ব্যক্তিগতগুলো। (মেসির নিজের) ভিডিওটি দেখা খুবই অসাধারণ ছিল। আমার মাথায় অনেক কিছুই ঘুরছে। আমাদের কিছু কঠিন সময়ও গেছে। সবকিছু সুন্দর নয়। হতাশাগুলো আমাকে অনেক বেশি শিখিয়েছে।

আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে কিছু বলুন

মেসি: আমি ফুটবল খেলতে ভালোবাসি। সম্প্রতি আর্জেন্টিনায় পূর্ণ মনুমেন্তাল স্টেডিয়ামে আমার এবং আমার সতীর্থদের নামে গলা ফাটানো (হর্ষধ্বনি) শুনতে খুব ভালো লেগেছে। আর্জেন্টিনার সঙ্গে আমি অনেক খারাপ সময় পেরিয়েছি এবং এখনকার মুহূর্তটি আমি উপভোগ করছি। কারণ সময় দ্রুত চলে যাচ্ছে।

পরবর্তী লক্ষ্য বা স্বপ্ন?

মেসি: আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং শৈশবে যা কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি অর্জন করতে পেরেছি। ঈশ্বর আমাকে দিয়েছেন। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো বিশ্বকাপ জয়, এবং আমি তা অর্জন করেছি। আমি আমার জীবনের ক্লাব বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছি। প্যারিসে এবং এখন ইন্টারের (মায়ামি) সঙ্গেও জিতেছি। আমি আরও অনেক কিছু অর্জনের জন্য লড়াই করছি।

বিশ্বকাপ ২০২৬?

মেসি: আমি আগাম কিছু ভাবি না। আমি প্রতিদিন উপভোগ করার চেষ্টা করি। যখন সময় আসবে, তখন দেখা যাবে। আমি সময়কে তাড়া করতে চাই না। আমি আশা করি এই স্তরে পারফর্ম করতে পারব, যাতে আমি ভালো অনুভব করতে পারি এবং খুশি থাকতে পারি। আমার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বিশ্বকাপে খেলতে পারব কি না তা নয়।

মাঠে থাকতে আমার ভালো লাগে। সম্প্রতি মনুমেন্তালে আমার নাম শুনতে পেরে অনেক আনন্দ পেয়েছি, এবং সেটাই সেরা। এই মুহূর্তটির জন্য আমি কঠোর পরিশ্রম করেছি এবং এখন এটি আরও বেশি উপভোগ করছি। যখন শেষটা কাছাকাছি আসে...তখন অনেক কিছু আরও বেশি মূল্যবান হয়ে ওঠে। এখানে আসা ছিল অবসর নেওয়া নয়, বরং একটি নতুন ক্লাবকে বড় করা। আমরা শিরোপা জেতার পথে এগিয়ে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত