দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করছে বলে দাবি করেছেন পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান। তবে ইমরান খান যেখানে বন্দী আছেন, সেই আদিয়ালা কারা কর্তৃপক্ষ পিটিআই নেতাদের এ দাবি নাকচ করে দিয়েছে।
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান বলেন, আদিয়ালা কারাগারে বন্দি হওয়ার পর এই প্রথম ইমরান তার অবস্থার কথা জানালেন। তিনি বলেন, তার সেলে ৫ দিনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। গত ১৫ দিন ধরে তাকে কোনো পত্রিকা বা টিভি দেখতে দেওয়া হয়নি। এমনকি প্রতিদিন মাত্র আড়াই ঘণ্টার জন্য তাকে সেলের বাইরে বের হতে দেওয়া হয়।
ইমরান খানের প্রতি এমন ‘দুর্ব্যবহারের’ নিন্দা জানিয়ে গহর বলেন, কর্তৃপক্ষের উচিত সাবেক প্রধানমন্ত্রীর অধিকারের দিকে নজর দেওয়া এবং তার প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদান করা। একটি ছোট প্রকোষ্ঠে বন্দী রাখা সংবিধান ও আইনি অধিকারের গুরুতর লঙ্ঘন বলেও দাবি করেন পিটিআই চেয়ারম্যান।
পিটিআই নেতা বলেন, বন্দী ইমরান তার বোনদের গ্রেপ্তারের বিষয়েও অবগত ছিলেন না এবং তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে জনগণের সংগ্রামের স্বার্থে তার পুরো পরিবার ত্যাগ স্বীকার করবেন উল্লেখ করে গোটা জাতিকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।
তবে এমন সমস্যার মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন বলেও জানান গোহর আলী খান। তিনি বলেন, ‘আমরা কথা বলার জন্য যথেষ্ট সময় আশা করেছিলাম, কিন্তু আমাদের মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। সোমবার ফের তার সঙ্গে দেখা করার চেষ্টা করা হবে।’
পিটিআই চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে আদিয়ালা জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বি-ক্লাস জেল নিয়ম অনুযায়ী ইমরানকে তার প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খানকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ঠিকমতো খাবার এবং নিয়মিত ব্যায়ামের সুযোগসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। একজন পেশাদার বাবুর্চি তার খাবার প্রস্তুত করেন, যার মধ্যে তার স্বাদ অনুসারে বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত।
ইমরান খানের সকালের খাবার মেনুতে কফি, চিয়া বীজ, বিটরুটের রস, দই, বিস্কুট এবং খেজুর থাকে। দুপুরের খাবারে তাকে ঐতিহ্যবাহী তরকারি, মুরগি, সালাদ, গ্রিন টি এবং মাটন পরিবেশন করা হয়। রাতের খাবারে পোরিজ, নারকেল, নারকেলের রস এবং আঙ্গুর দেওয়া হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ।
পিটিআই নেতাদের দাবি প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয়, ‘তার পছন্দ অনুযায়ী এবং সহকারী সুপারিনটেনডেন্টের কঠোর তত্ত্বাবধানে খাবার প্রস্তুত করা হয়।’
ইমরানের স্বাস্থ্যের বিষয়ে কর্তৃপক্ষ বলছে, গত বছর থেকে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে একজন অভ্যন্তরীণ চিকিৎসক দিনে তিনবার পরীক্ষা করেনএবং নতুন মেডিকেল চেকআপে জানা গেছে তিনি সুস্থ আছেন।
পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের চিকিৎসকরাও দু’দিন আগেও তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানায় কারা কর্তৃপক্ষ। এছাড়া ইমরানকে প্রতিদিন দুই ঘণ্টা করে পত্রিকা ও ব্যায়ামের সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইমরানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়া খবরকে ‘ভিত্তিহীন’ দাবি করেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ।
সাকিবকে মোকাবেলা করা লাগবে না, এটা স্বস্তির
একসঙ্গে শাকিব-সিয়াম, নেপথ্যে কী?
কমলার ‘রানিং মেট’ কে এই টিম ওয়ালজ?
সপ্তাহে তিন দিন অফিস করে ৪ দিন ছুটি কাটান সাব রেজিস্ট্রার