মাহমুদুর রহমান বললেন

১৯৭২ সাল থেকে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ এএম

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ১৯৭২ সাল থেকে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল। ৭২ সালেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। জিয়া প্রকৃত অর্থে শুরু করেছিলেন, তিনিই বলেছিলেন উই রিভল্ট। তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মওলানা ভাসানীর ভূমিকা কোনো অংশে কম নয়। অথচ সব ক্রেডিট শেখ মুজিবকে দেওয়া হয়েছে। ১৯৭২ সালে রক্ষীবাহিনী গঠন করে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকান্ড শুরু করা হয়েছিল।

গতকাল রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ডায়ালগ ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ফ্যাসিবাদী বয়ান নির্মাণে গণমাধ্যমের ভূমিকা : একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের জন্য কয়েকটি বিষয়ের প্রয়োজন হয়, একটা বিষয় হলো কাল্ট তৈরি করা, পাবলিক এনিমি, রাষ্ট্রীয় সন্ত্রাস, নিয়ন্ত্রিত বিচার বিভাগ এবং ফ্যাসিবাদের পক্ষে বয়ান-প্রচারণা। ’৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান এ কাজগুলো করেছেন, পরে শেখ হাসিনা করেছেন।

কাল্ট তৈরির কাজটা মিডিয়া করেছে দাবি করে তিনি আরও বলেন, ইসলামের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা হয়েছে, ডেমোনাইজ করা হয়েছে, ডেমোনাইজের যে কার্ডটা খেলা হয়েছে সেটা জঙ্গি কার্ড, ইসলামি জঙ্গি কার্ড।

ডায়ালগ ফর ডেমোক্রেসির আহ্বায়ক শেখ মো. আরমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত