উইকেট শুষ্ক হবে, চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে—টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে এটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। কিন্তু টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ।
লাঞ্চ বিরতির আগেই ৬০ রানে হারিয়ে ফেলেছে ৬ উইকেট। আউট হয়ে গেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের ৬ উইকেটের প্রথম ৫টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা। মুল্ডার নিয়েছেন ৩ উইকেট, রাবাদা ২টি। অন্য উইকেটটি নিয়েছেন স্পিনার কেশব মহারাজ।
