কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতার মামলায় গ্রেপ্তারের কারণে বরখাস্তের ৭ বছর পর চাকরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। সোমবার (২১ অক্টোব) এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।
তারা হলেন- উপজেলার ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী।
জানা যায়, ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা সভা থেকে দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে পুলিশ। পরে তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরদিন ২ শিক্ষককে বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত দুই শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর খালাসের আদেশ দেয়। পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার তারা চাকরিতে যোগদান করেন।
সহকারী শিক্ষক তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।
ভুরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পেয়ে দুই শিক্ষক চাকরিতে যোগদান করেছেন।
রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে যা বললেন তিন সমন্বয়ক
শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছি, ৫ আগস্ট বলেছিলেন রাষ্ট্রপতি