আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ এএম

অর্থ-সম্পদ সঞ্চয় করা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ও দরকারি তেমনি অর্থ-সম্পদের সঙ্গে সঙ্গে সন্তানসন্ততিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিপদাপদে কিংবা গুরুত্বপূর্ণ যেকোনো কাজের ক্ষেত্রে অর্থ সম্পদ ও সন্তানের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। অন্তত বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর প্রত্যেকেরই চাওয়া থাকে যে, তাদের সঞ্চিত অর্থ-সম্পদ যেন কাজে লাগে এবং ছেলেমেয়েরা যেন তাদের দেখাশোনা ও সেবাযত্ন করবে। কিন্তু এসব পুরোটাই যদি বিপরীত হয়, তখন কী হবে উপায়? উদাহরণস্বরূপ কেউ সারা জীবন নিজের রক্ত-মাংস পানি করে, ঘাম ঝরিয়ে অঢেল অর্থ-সম্পদ সঞ্চয় করল। নিজের সারা জীবনের কষ্টে উপার্জন করা টাকা-পয়সা ভালো কাজে খরচের আগেই মৃত্যু হয়ে গেল। এমনকি নিজের অনেক প্রয়োজন পূরণ করাও এখনো বাকি। কিংবা সারা জীবন সরকারি চাকরি করে পেনশনের টাকা জমানো অবস্থাতেই বিদায়ের ঘণ্টা বেজে গেল। তখন কী হবে উপায়? এই কষ্টার্জিত অর্থ-সম্পদ কী তখন কোনো কাজে আসবে?

যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তারা কি অর্থ-সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পেরেছেন? এমন কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই। একইভাবে মনে করুন, ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে ইউরোপ-আমেরিকায় নাগরিকত্ব লাভ করেছে। তারা আর দেশে ফিরে আসবে না। আসার কোনো দরকার ও সম্ভাবনাও নেই বলা যায়। তাহলে বার্ধক্যে কোথায় হবে তাদের মা-বাবার আশ্রয়? মা-বাবারা কি কখনো এসব নিয়ে ভেবেছে? অথচ অর্থ-সম্পদ ও সন্তান সঠিকভাবে কাজে লাগাতে না পারলে এগুলো কখনো কারও কোনো কাজে আসে না। এটাই বাস্তব কথা।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যখন কোনো লোক মারা যায়, তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তিন প্রকার আমল ছাড়া। এক. দান-সদকা, যা চলমান থাকে। দুই. ওই ইলম, যা দ্বারা অন্য কোনো লোক উপকৃত হয়। তিন. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (সুনানে নাসায়ি)

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, যে রিজিক আমি তোমাদের দিয়েছি তোমরা তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করো তোমাদের কারও মৃত্যু আসার আগেই। অন্যথা (মৃত্যু এসে গেলে) সে বলবে, হে আমার প্রতিপালক! তুমি আমাকে আরও কিছু কালের অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান-সদকা করতাম। আর সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম।’ (সুরা মুনাফিকুন ১০) আমাদের দান-সদকার একমাত্র উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহতায়ালা আমাদের সবাইকে যথাসময়ে দান-সদকা করার তওফিক দান করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত