ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন কার্যক্রম ৪ নভেম্বর দুপুর ১২টায় শুরু হবে। ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি শনিবার; ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি শনিবার; ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৪ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। ‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
