২০২৬ কমনওয়েলথ গেমসেও নেই শুটিং-আর্চারি 

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের মত ২০২৬ সালের গেমসেও থাকছে না শুটিং। যা বড় দুঃসংবাদ বাংলাদেশের জন্য। এই একটি আসরে বাংলাদেশের শুটারদের আছে অনেক সাফল্য। পরপর দুটি আসরে শুটিং না থাকায় ভীষণ হতাশ শুটিং অঙ্গন। মঙ্গলবার কমনওয়েলথ গেমস কমিটির সভায় ভেন্যুও বদলে গেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া থেকে এখন গেমস চলে গেছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। 

গেমস উপলক্ষে আয়োজিত সভায় গেমসের ডিসিপ্লিন চুড়ান্ত হয়েছে। আসন্ন গেমসের ডিসিপ্লিনের মধ্যে রয়েছে -অ্যাথলেটিক্স, সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, নেট বল, ভারোত্তোলন, বক্সিং, জুডো, বাস্কেটবল এবং লন বল। গতবারের মত এবারও থাকছে না আর্চারি ডিসিপ্লিনও।

শুটিং না থাকার খবরে হতাশা প্রকাশ করেছেন ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে রৌপ্য জয়ী পিস্তল শুটা শাকিল আহমেদ, ' এশিয়ান গেমসে ৪০ টির বেশি দেশ অংশগ্রহণ করে। কমনওয়েলথে সেখানে ৭০। দেশের অংশগ্রহণের সংখ্যার ভিত্তিতে এটি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ গেমস। সেই গেমসে বাংলাদেশ ধারাবাহিক পদক পেয়ে আসছে শুটিং থেকে। সেই শুটিং না থাকা খুব হতাশার। '

১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুটিং থেকে প্রথম পদক পায় পিস্তল শুটার প্রয়াত আতিকুর রহমান ও আব্দুর সাত্তার নিনির হাত ধরে৷ ২০০২ সালে ম্যানচেস্টারে আসিফ হোসেন খান ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন। ২০০৬ ও ২০১০ গেমসেও শুটারদের মাধ্যমে পদক তালিকায় উঠেছিল বাংলাদেশের নাম। এরপর ২০১৪ ও ২০১৮ সালে এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল রৌপ্য জেতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত