সাধারণত নিজের সুরের বাইরে সেভাবে গান করেন না আরফিন রুমি। এবার একটি নাটকের জন্য অন্যের সুরে গাইলেন এই গায়ক। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সন্ধিক্ষণ’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী।
‘প্রাণসখিয়া’ শিরোনামের এই গানটিতে তার সহশিল্পী পল্লবী রায়। গানটির কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
আরফিন রুমি বলেন, ‘পরিচালকের কারণেই নাটকের গানটি করতে রাজি হয়েছি। আমার ওপর তার অধিকার আছে। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। নাটকের সিচুয়েশন অনুযায়ী তিনি গানটির কণ্ঠশিল্পী হিসেবে আমাকেই নির্বাচন করেছেন। সুন্দর একটি গান। গানটির কথা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও কণ্ঠশিল্পী পল্লবী রায়ের সঙ্গে গানটি শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন আরফিন রুমি। এ ছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন। সবশেষ একই পরিচালকের ‘ওমর’ সিনেমার গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।
