বরগুনার আমতলীতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ রোড হারিকেন চত্বরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ছাত্রদলের ৬ জন নেতাকর্মী আহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আমতলী সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ওই মিছিলটি উপজেলা সড়কের কার্তিক মণ্ডলের বাড়ির সামনে আস মাত্রই সড়কের পাশ থেকে ৭-৮ জন দলের মুখোশধারীরা পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগে আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ঘটনাস্থল থেকে ব্যাগে ভর্তি কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোতলের ভাঙা অংশ দেখতে পেয়েছি। তদন্ত চলছে।
