জাতীয়তাবাদী নামে কোনও সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে: রিজভী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামে কোনও সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেউ যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্বীকৃত অঙ্গ সংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন-এ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে বলে জানান তিনি। তিনি বলেন, এর বাইরে প্রেস ক্লাব কেন্দ্রীক কিছু সংগঠন জাতীয়তাবাদী নাম ব্যবহার করে। এর সঙ্গে বিএনপির ন্যূনতম সম্পর্ক নেই। এসব সংগঠন বিষয়ে বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, পৃথিবী কাঁপানো এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্র জনতা। এই ফ্যাসিস্টকে সরাতে অনেকে রক্ত আর প্রাণ দিতে হয়েছে।

ইনস্টিটিউট পর্যায়ে যে কাজগুলো করার দরকার সেগুলো অন্তর্বর্তী সরকার নেয়নি জানিয়ে তিনি বলেন, এদেশের মানুষ খেয়ে পরে বাঁচতে চায়। এখনও দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। আমদানির জন্য বিকল্প দেশ দেখা দরকার ছিল, যে উদ্যোগ সরকার নেয়নি।

 

দুর্ভিক্ষ হওয়ায় দেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যের স্বয়ংপূর্ণ এনেছিলেন জানিয়ে তিনি বলেন, আমাদের কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ বাঁচবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ সাংগঠনিক আব্দুল খালেক, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাবির অধ্যাপক সাইফুল ইসলাম, যুবদলের সাবেক নেতা এস এম জাহাঙ্গীর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত