উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানানো হয়ে। আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে দেওয়া আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার (২৮ অক্টোবর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন মঙ্গলবারও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
উল্লেখ্য, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
