ভারতের ব্যাটিং গ্রেট বীরেন্দ্র শেবাগ বাকপটুতার জন্য আলোচিত এবং সমালোচিত। ক্রিকেট মাঠে তার ব্যাট যেভাবে চলত, এখন সোশ্যাল মিডিয়ায় সেভাবেই ছোটে তার কথার তুবড়ি। সাবেক বিধ্বংসী এই ওপেনারের অন্য এক রূপ ফাঁস করলেন গ্লেন ম্যাক্সওয়েল। জানা গেল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে তার আইপিএল খেলার ‘অন্ধকার’ অধ্যায়।
ম্যাক্সওয়েল তার নতুন বই- ‘দ্য় শোম্যান’-এ অনেক তথ্য দিয়েছেন, যার একটি হলো ২০১৭ সালের আইপিএলের ঘটনা। তখন শেবাগ ছিলেন প্রীতি জিনতার দলের মেন্টর। তারা টুর্নামেন্ট শেষ করেছিল টেবিলের পাঁচ নম্বরে থেকে। দলটির ওই সময়ের অধিনায়ক ম্যাক্সওয়েল লিখেছেন, এক রাতে এমনকিছু ঘটনা ঘটেছিল, যে কারণে আর কখনও তিনি শেবাগের সঙ্গে কথা বলেননি।
ম্যাক্সওয়েল লিখেছেন, ‘দল নির্বাচনের কথা মাথায় রেখে, আমি ভেবেছিলাম আমাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। সেখানে সব কোচেরা থাকবেন। আমার প্রস্তাবে শেবাগ ছাড়া সবাই সম্মত হয়েছিলেন! শেবাগ স্পষ্ট করে বলেন, তিনিই একাদশ নির্বাচন করবেন এবং এ বিষয়ে আর কোনো কথা হবে না। কিন্তু আমরা তখন একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিলাম। শেবাগের নেওয়া সিদ্ধান্তগুলো কোনো কাজে আসছিল না।’
অস্ট্রেলিয়ার এই তারকা অল-রাউন্ডার আরও লিখেছেন, ‘সেদিন রাতে আমি ভেবেছিলাম সাংবাদিক সম্মেলন করব। কিন্তু শেবাগ জানায়- সে করবে! পরে বাসে উঠে দেখি, আমাকেই মূল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই বের করে দেওয়া হয়েছে! হোটেলে ঢুকে দেখি আমার ফোন বেজেই যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে শেবাগ বলেছিলেন, আমি নাকি দলকে চরম হতাশ করেছি। অধিনায়ক হিসেবে দায়িত্ব না নেওয়ার দোষও দিয়েছিলেন। বাকিটা সবাই জানে। এমন একটা অপ্রীতিকর ঘটনায় আমাদের পথ আলাদা হয়ে যায়।’
ম্যাক্সওয়েল লিখেছেন, ‘এরপর আমি শেবাগকে পাঠানো মেসেজে লিখেছিলাম, তার মন্তব্য পড়ে আমি কতটা কষ্ট পেয়েছি। আমি লিখেছিলাম, আচরণের কারণে সে আমার মতো একজন ভক্তকে হারিয়েছে। শেবাগের প্রতিক্রিয়া খুব সহজ ছিল। উনি লিখেছিলেন, “আমি তোমার মতো ভক্তদের পছন্দ করি না।” আমরা এরপর আর কথা বলিনি। আমি জানতাম যে, আমার সময় শেষ হয়ে গেছে। এবং মালিকদের বলেছিলাম যে, শেবাগ যদি থাকে, তাহলে তারা ভুল করবে। আমার কথা ভাবতে হবে না। শেবাগ ওই দলে আর এক মৌসুই ছিল।’
ম্যাক্সওয়েল ২০১৪-২০১৭ পর্যন্ত পাঞ্জাবের জার্সিতে আইপিএল খেলেছিলেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসে গেলেও আবারও ২০২০ সালে পাঞ্জাবে যোগ দেন। এরপর ২০২১ সাল থেকে তিনি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
তিন অধিনায়কের কৌশল কতটা কার্যকর
সিরিজ হারের পর ভিডিও ভাইরাল; বিপাকে গম্ভীর