বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন মার্করাম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর হুট করেই যেন ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ দল। ম্যাচের পর ম্যাচ এতটাই বাজেভাবে হারছে যে, রীতিমতো বিব্রতকর। মাঠের বাইরের ঘটনা নিয়েও আলোচনা কম নয়। দেশের মাটিতে সাকিব আল হাসানের অবসর নিতে না পারা, নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছেড়ে দেওয়াসহ ইস্যুর অভাব নেই।

বাংলাদেশের ক্রিকেটে চলমান এসব পরিস্থিতি সম্পর্কে মন্তব্য চাওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘পারফরম্যান্সের নিশ্চয়তা দেওয়া যায় না। তবে পরিবেশটা অন্তত ঠিক রাখা যায়। বাংলাদেশ দল এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’

মার্করামের কথায় পরিস্কার, বাংলাদেশ দলের পরিস্থিতি সম্পর্কে তিনি ভালোই অবগত আছেন। তবে এসব নিয়ে তারা ভাবতে চান না। এখন তাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ‘আমাদের হাতে এখনো পাঁচটি টেস্ট ম্যাচ আছে এবং আমাদের সম্ভবত বেশির ভাগ ম্যাচই জিততে হবে। পাঁচটি টেস্ট মানে অনেক খেলা। কাজেই আমরা এখন যেখানে আছি, সেখান থেকে এটা খুবই সম্ভব। আশা করি, আমরা সেশন ধরে ধরে, ম্যাচ ধরে ধরে এগোতে পারব, আমাদের সুযোগটা বাড়াব।’

মিরপুর টেস্ট জয়ের পর প্রোটিয়া দল এখন ফুরফুরে মেজাজে আছে। তাছাড়া মার্করামরা জেনেছেন, চট্টগ্রামের উইকেট মিরপুরের চেয়ে ভালো এবং ব্যাটিং সহায়ক হবে। তাই আনন্দ গোপন না করে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘অবশ্যই এটা (প্রথম টেস্ট জয়) আমাদের ড্রেসিংরুমে আনন্দের একটা মুহূর্ত হয়ে এসেছে। একটা ভালো দল সব সময় জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পথ খোঁজে এবং এই টেস্টে আমরা সে জন্যই ঝাঁপিয়ে পড়ব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত