বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আগামীকাল থেকে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। তারা প্রস্তুতি নিচ্ছেন সেই ম্যাচের জন্যই। তবে এসব ছাপিয়ে এখন আলোচনায়, ‘কে হবেন দেশের পরবর্তী অধিনায়ক’।
নাজমুল হোসেন শান্ত এই সিরিজ শেষে তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় বিষয়টি। যদিও বিসিবি বা শান্তর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবুও সবার কৌতুহলের কেন্দ্রবিন্দুতে বিষয়টি।
গণমাধ্যমকর্মীরা বাদ গেলেন না। তাই দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে যখন এলেন ঢাকা টেস্টে ক্যারিয়ারের ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়া স্পিনার তাইজুল ইসলাম, তখনও উঠে এসেছে সেই প্রসঙ্গ। তো কি বললেন বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার!
সংবাদ সম্মেলনে চতুর্থ প্রশ্নটাই তাকে করা হয় অধিনায়কত্ব নিয়ে। এই বিষয়ে তিনি বলেন, ‘আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও নাই। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।’
তারপর আরও দুটি প্রশ্ন করা হয়। সেই দুটি প্রশ্নের জবাব শেষ হলে আরও এক গণমাধ্যমকর্মী টিম মিটিংয়ে শান্তর উপস্থিতি নিয়ে জানতে চান। এই বিষয়ে ফের তাইজুলের জবাব, ‘আমি জানিই না ভাই এ বিষয়ে।’
একই সময়ে দুই মহাদেশ সফর করবে ভারতের দুটি জাতীয় দল
রিজওয়ান অধিনায়ক হতেই পদত্যাগ করলেন কারস্টেন