এক দল ৫০০ করলে আরেক দল ৮০০ করতে পারে: ফিল সিমন্স

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে। আগামী দিনে বাংলাদেশের লক্ষ্য কি?

এক টেস্ট আগে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেয়া ফিল সিমন্স দিন শেষে জানালেন, "আগামীকাল সকালে দ্রুত উইকেট নেওয়া আমাদের মূল লক্ষ্য। প্রতিপক্ষকে অলআউট করার সুযোগ তৈরি করতে হবে, যাতে আমরা ব্যাটিংয়ে গিয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারি।”

এই ওয়েস্ট ইন্ডিয়ান উদাহরণ টেনে বলেন, "আমরা পাকিস্তানের টেস্ট ম্যাচে দেখেছি, এক দল ৫০০ রান করলেও আরেক দল ৮০০ রান করে ফলাফল বের করেছে। তাই সুযোগ সবসময় থাকে। আমরা আজকের দিন থেকে শিক্ষা নিয়ে পরের দিন কীভাবে ভিন্নভাবে এগোতে পারি, সেই পরিকল্পনা করছি।”

দলের জন্য তার পরামর্শ, “সবার আগে আমরা কীভাবে ম্যাচ জিততে পারি সেই চিন্তাই করতে হবে, এরপর অন্য কিছু।”

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং উইকেটের কারণে বাংলাদেশের বোলাররা কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন বলে ব্যাখ্যা দিলেন ফিল সিমন্স, "বোলাররা যথেষ্ট পরিশ্রম করেছে এবং সুযোগ তৈরি করেছে। কয়েকটি সুযোগ মিস না হলে এটি ভিন্ন হতে পারত। চার বা পাচ উইকেট পেতে পারতাম আমরা।” তবে তিনি হতাশ নন বলে জানান, ''আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি সেটিতেই মনোযোগ দিই।''

×
সর্বশেষ সর্বাধিক পঠিত