লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাশেম দলটির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ বছর ধরে হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করা নাঈম কাশেমকে গতকাল মঙ্গলবার নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ‘শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে নিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় প্রাণ হারান হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ। তার মৃত্যুর এক মাসের বেশি সময় পর নাঈম কাশেমকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিউদ্দিনের নাম বিবেচনায় ছিল। এক সপ্তাহ না পেরুতেই সাফিউদ্দিনকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় তিনিও প্রাণ হারান। হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাঈম কাশেম। ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন তিনি। শিয়াদের আমল আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর তিনি আমল আন্দোলন থেকে সরে আসেন। ১৯৮২ সালে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় তৈরি হয় হিজবুল্লাহ। যে বৈঠকের মাধ্যমে হিজবুল্লাহর জন্ম হয়েছিল সেটিতে উপস্থিত ছিলেন নাঈম কাশেম। ১৯৯১ সাল থেকে সংগঠনের উপ-মহাসচিবের দায়িত্ব পালন করছেন ৭১ বছর বয়সী এই নেতা। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নাঈম নিয়মিত জনসম্মুখে এসে বক্তব্য রেখেছেন। লেবাননের বেক্কা উপত্যকায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার রয়টার্স জানায়, গভীররাতে উপত্যকাটির ডজনখানেক শহর জুড়ে আকস্মিক এই হামলায় অন্তত ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ফিলিস্তিনের গাজাতেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১০৯ জন নিহত হয়েছে। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য প্রধানকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতাল। হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, বিশ্বের উচিত বসে বসে গাজা উপত্যকার গণহত্যার দৃশ্য না দেখে পদক্ষেপ নেওয়া। আহতদের চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাফিয়া।
তবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত একটি বিল পাস হয়েছে। সোমবার পাস হওয়া বিলে ইউএনআরডব্লিউএকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে ইসরায়েলি ভূ-খণ্ডে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর ফলে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইউএনআরডব্লিউএর মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা প্রদান বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ অন্য দেশগুলো। এদিকে, ইরানে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছিল ইরান। সোমবার অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে ইরানের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে ইরানকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, আত্মরক্ষায় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রশাসন দ্বিধা করবে না। দুই পক্ষের মধ্যে প্রত্যক্ষ সংঘাতের এখনই অবসান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তীব্র মানসিক সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রায় সাড়ে ৫ হাজার সেনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, যুদ্ধের পর থেকে ১২ হাজার সেনা চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৪৩ শতাংশ সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার সমস্যা নিয়ে তাদের পুনর্বাসন কেন্দ্রে এসেছেন।
