সংযুক্ত আরব আমিরাতকে আরও একবার হেসেখেলেই হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কালাম সিদ্দিকী এলিন, জাওয়াদ আবরার আর রিফাত বেগের ফিফটিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল লাল সবুজের জার্সিধারীরা। সেই লক্ষ্য তাড়ায় পেরে উঠেনি মরুর দেশটি। বাংলাদেশ পেয়েছে ১৮৩ রানের বিশাল জয়।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এলিন। ৯৪ বলে ৯ চার ও ২ ছক্কায় তিনি থামেন ৯৭ রানের ইনিংস খেলে। এছাড়া জাওয়াদ আবরার ৬৪ ও রিফাত বেগ ৫৮ রান করেন।
আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আব্দুল্লাহ তারিক। ৬ ওভার বল ঘুরিয়ে তিনি খরচ করেছেন ৪৮ রান। এছাড়া আলি আসগর শামস ও আরিয়ান সাক্সেনা পেয়েছেন একটি করে উইকেট।
৩১৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে আমিরাত গুটিয়ে যায় ১৩১ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন নুরুল্লাহ আইয়ুবি।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন দেবাশীষ সরকার। ৮ ওভার বল ঘুরিয়ে তিনি খরচ করেছেন মাত্র ২৫ রান।
