নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বৃহস্পতিবার দুপুরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল বিজ-৩৭২ ফ্লাইটযোগে দেশে ফিরবেন মেয়েরা।
২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল। এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়।
শোভাযাত্রা শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাফুফে ভবনে পৌঁছেছে সাফ জয়ী মেয়েদের বহন করা বাস। বাফুফে ভবনে আগে থেকেই উপস্থিত আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেওয়া হবে সংবর্ধনা।
তার আগে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাওয়ার পথে বিভিন্ন পদচারী সেতুতে অপেক্ষা করছিল মানুষ। কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে সাবিনাদের বহন করা ছাদখোলা বাস উঠে গেছে এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়েতে কেন তার কারণ হিসেবে জানা গেল, সিদ্ধান্তটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
সাবিনাদের বিজয়যাত্রার কারণে যাতে যানজট সৃষ্টি হয়ে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে, এ কারণে বিজয়যাত্রার পথ ঠিক করে দিয়েছে ডিএমপি। সেই পথ বা রুটটা এ রকম - বিমানবন্দর> এক্সপ্রেসওয়ে> এফডিসি>সাত রাস্তার মোড়> মগবাজার ফ্লাইওভার> কাকরাইল> পল্টন> নটরডেম কলেজ> শাপলা চত্বর> বাফুফে ভবন।
এদিকে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে ছাদ খোলা বাসের আয়োজন করলেও সেই বাসে চড়েননি কোচ পিটার বাটলার। তিন মাসের বেতন বাকি থাকার জানিয়েছিলেন এই কোচ। তবে ছাদখোলা বাসে না ওঠার পেছনের কারণ হিসেবে বলেছেন, ‘মেয়েরা উপভোগ করুক। এটাই সময়। ঢাকায় গিয়ে ইংল্যান্ডের টিকিটের ব্যবস্থা করতে হবে। আমার কাজ আছে অনেক।’
ইংল্যান্ডে যাওয়ার কারণও জানিয়েছেন, ‘কিছুদিন আগে আমার নাতি জন্ম নিয়েছে। তাকে দেখিনি। দেখতেই ইংল্যান্ডে যাচ্ছি কিছুদিনের জন্য। শিগগিরই আবার ফিরে আসব।’
সাকিব নিজেই আফগানিস্তান সিরিজ খেলতে চান না