লুইসের ৮ ছক্কায় উড়ে গেল ইংল্যান্ড

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড! তিন বছর পর দলে ফিরে ব্যাট হাতে একের পর এক ঝড়ো ইনিংস উপহার দিচ্ছেন এভিন লুইস। তার ৬৯ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ইংলিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ইংলিশরা তোলে ২০৯ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবীয়রা পরিবর্তিত লক্ষ্যে পৌঁছে যায় ৫৫ বল হাতে রেখে। বিধ্বংসী ইনিংস খেলার পথে লুইস হাঁকান ৮টি ছক্কা। যেখানে ইংল্যান্ডের পুরো দল মিলে মাত্র ৮টি ছক্কা মারতে পেরেছে!

অথচ, রান তাড়ায় প্রথম তিন ওভারে লুইস ও ব্রেন্ডন কিং তোলেন মাত্র ৯ রান। চতুর্থ ওভারের শেষ বলে জন টার্নারকে ছক্কা মেরে লুইস ফেরেন স্বরূপে। ফিফটি পূরণ করেন ৪৬ বলে। ১৫তম ওভারে বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে ক্যারিবীয়দের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রানের। এমতাবস্থায় আরও ভয়ংকর হয়ে ওঠেন লুইস। ব্রেন্ডন কিং ৩০ রানে আউট হন।

লুইস ছুটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে রশিদকে উড়িয়ে মারতে গিয়ে লং–অফে বেথেলের ক্যাচে পরিণত হন। ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেওয়া গুড়াকেশ মোতির হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে কেউ ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক লিভিংস্টোনের ব্যাট থেকে। জেকব বেথেল করেন ২৭ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত