হাথুরু নেই, বিশ্বকাপের পর আবার জাতীয় দলে নাসুম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

গেল বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকে শেষ করেছিল। বিশ্বকাপের সময় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে এক ক্রিকেটারকে চড় মেরেছেন।

পরে সব হিসেব মিলিয়ে এটি বোঝার আর বাকি থাকে না, চড়কাণ্ডে যে ক্রিকেটারের কথা বলা হচ্ছে তিনি স্পিনার নাসুম আহমেদ। এরপর কোচ হিসেবে যতদিন ছিলেন হাথুরুসিংহে জাতীয় দলে সুযোগ হয়নি নাসুমের। তবে হাথুরুর আমল শেষ হতেই দলে ফিরলেন নাসুম।

আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বিসিবি ঘোষিত দলে আছেন নাসুম। এর আগে নাসুম সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ম্যাচটি ছিল ১১ নভেম্বর। সেই হিসেবে এক বছর পর জাতীয় দলে ফিরলেন নাসুম।

পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ের পর গেল ১৫ অক্টোবর হাথুরুকে বরখাস্ত করে বর্তমান ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি থাকার সময় চড়কাণ্ডের কথা ভিত্তিহীন বলেছিলেন।

তবে বর্তমান সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে বিদায়ের যে কয়েকটি কারণ বলেছেন, তার মধ্যে একটি ছিল শৃঙ্খলাবিরোধী আচরণ এবং খেলোয়াড়দের প্রতি অসদাচরণ। নাসুম আহমেদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে হাথুরুকে বিদায় দেওয়ার পর সংবাদ সম্মেলনে ফারুক বলেছিলেন, 'একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত