কুমিল্লায় আদা-রসুন-পেঁয়াজের দাম কমেছে

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

কুমিল্লার বাজারে আদা, রসুন ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেজিতে আদার দাম কমেছে ৬০ থেকে ৮০ টাকা, রসুন ১৫ থেকে ২০ টাকা ও পেঁয়াজে কমেছে ২০ থেকে ৩০ টাকা। রবিবার (২ নভেম্বর) কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

খুচরা ব্যবসায়ী মানিক জানান, কয়েক দিন আগে কুমিল্লার নিমসার বাজারে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৮০ টাকা, বর্তমানে কেজিতে ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। এদিকে ২০ টাকা কেজিতে কমে রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০/১১০ টাকা।

রাজগঞ্জ বাজারে কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিন আগে আদা কিনতে এসে মাথায় হাত উঠতো। আজ বাজারে এসে দেখি আদার দাম কেজিতে ৮০ টাকা কমেছে। আদার, রসুন ও পেঁয়াজ দাম কম হওয়ায় স্বস্তিতে কেনা যাচ্ছে।

দাম কমার কারণ জানতে চাইলে পাইকার ব্যবসায়ী মাহমুদুর রহমান বলেন, স্থানীয় বাজারগুলোতে আদা ও রসুনের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, দাম যাতে না বাড়ে সে বিষয়গুলো নজরদারি রাখা হচ্ছে। বাজারে আমাদের মনিটরিং চলমান আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত