আর কখনো যেন ফুটবলারদের বেতন বকেয়া না হয়: ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

যে খেলোয়াড়েরা দেশকে একের পর এক সম্মান এনে দিচ্ছেন, দিনশেষে তারা অবহেলিত। বেতনটাও ঠিকমতো পান না। অন্যান্য সুযোগ-সুবিধা নেই বললেই চলে। অন্যদিকে কর্মকর্তারা টাকার পাহাড়ে চড়ে বসেন। এখন থেকে আর এমনটা হবে না বলে ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাফজয়ী মেয়েদের বেতন নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'তাদের দুই মাসের বেতন বকেয়া আছে। বাফুফেতে এতদিন কাজী সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল, এখন নতুন কমিটি এসেছে, তাদের ওয়ার্কআউট করব। যাতে করে ভবিষ্যতেও কখনও বেতন বকেয়া না হয়।'

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, 'বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, সেটা কেন হলো? আর্থিক অনিয়মের বিষয় সামনে এসেছে। সেগুলো নিয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনও অনিয়ম পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

খেলোয়াড়রাই খেলাধুলার মূল স্টেকহোল্ডার  উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'তারাই (খেলোয়াড়) অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকতো কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, আমি নিশ্চিত করব।'

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। খেলোয়াড়দের ফ্ল্যাটের দাবির বিষয় সম্পর্কে জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, 'প্রধান উপদেষ্টার কাছে ওনারা এ বিষয়ে কিছু বলেননি। ওনাদের লিখিত দাবির মধ্যে বিষয়টি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত