একদিন আগেই গেল চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তার বন্ধু ও খল অভিনেতা মিশা সওদাগর।
মৌসুমী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘মৌসুমী যেমন সুন্দরী, তেমনি ওর মনটাও সুন্দর। শুধু তা–ই নয়, ওর মনটা অনেক নরম। কেউ কষ্ট ভাগাভাগি করলে ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জীবন দিয়ে সে চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর। ভালো একটা মনের অধিকারী মৌসুমী।’
প্রায় তিন দশকের সম্পর্ক তাদের। পরিচয় থেকে সেই সম্পর্ক এখন বন্ধুত্বের মধ্যেই রয়ে গেছে। কখনো সম্পর্কের টানাপোড়েন হয়নি। গতকাল মৌসুমীর জন্মদিনে তার কাছে ঋণ স্বীকার করে তাদের বন্ধুত্বের অজানা গল্প বলতে গিয়ে এমন মন্তব্য করেন মিশা।
একসময় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লেখান মিশা সওদাগর। তার প্রথম সিনেমায় অভিনয় করেন মান্না ও মৌসুমী। সেই সিনেমার পুরো সময়ে বন্ধুর মতো পাশে ছিলেন মৌসুমী।
সে সময়ের কথা উল্লেখ করে মিশা বলেন, ‘সেই সময়ে ছয় লাখ টাকা পারিশ্রমিক নিত মৌসুমী। কিন্তু আমি সে সময় জোর করে মৌসুমীকে নামমাত্র টাকা দিতে পেরেছিলাম। এমনকি কোনো কস্টিউম সে নেয়নি। নিজেই নিয়ে এসেছে। সময়মতো আমার শুটিংয়ে এসেছে, শেষ করেছে। তাকে টাকা তো দিতেই পারিনি তখন, এমনকি এ নিয়ে সে কোনো দিন কোনো কথাও বলেনি।’
মোহামেডানের ভক্ত ছিলেন মিশা। নিয়মিত খেলা দেখতেন। সেই সময় মোহামেডানের গেটে আড্ডা দিতেন তিনি। তখন তার সঙ্গে পরিচয় হয় ওমর সানীর।
তিনি বলেন, সেই প্রথম পরিচয় ও বন্ধুত্ব। পরে নতুন মুখের সন্ধানে গিয়ে দেখেন ওমর সানী এফডিসিতে। একই অঙ্গনের মানুষ হওয়ায় সেই থেকে ওমর সানীর সঙ্গে ভালো সম্পর্ক গাঢ় হতে থাকে।
মিশা বলেন, ‘যেহেতু ওমর সানীর সঙ্গে তত দিনে ভালো পরিচয় হয়ে গেছে। সিনেমায় ভালো করছে। তখন নতুন মুখের সন্ধান থেকে আমিও কাজ করছি। এমন সময় একটা প্রস্তাব এলো— ওমর সানী ও মৌসুমীর সঙ্গে কাজ করার। সিনেমার নাম 'প্রিয় তুমি'। হাফিজ উদ্দিন পরিচালিত সেই সিনেমার শুটিং থেকেই আমাদের মধ্যে বন্ধুত্বের সূচনা আরও গাঢ় হয়। সেই সুসম্পর্ক এখনো আগের মতোই রয়ে গেছে।
তিনি বলেন, ‘ওরা প্রেম করত, আমি আঁচ করতে পেরেছিলাম। আমি কিছুটা জানতাম। কোনো দিন কিছু বলিনি। সবসময় একে অন্যের পাশে থাকতাম। আমি ওর সঙ্গে যে কোনো সময় দেখা করতে যেতাম। যদি বলেছি নির্বাচন করতে হবে, সে না করেনি। কারণ সেই আস্থার জায়গা তৈরি হয়েছিল। ভালো মনের মানুষ মৌসুমী। ওর জন্য সব সময় শুভকামনা।’
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে মৌসুমী। অন্যদিকে মিশা ভারতে ব্যস্ত রয়েছেন ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে। সিনেমার চরিত্র নিয়ে এ মুহূর্তে তেমন কিছু বলতে চান না। শুধু জানালেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
আঘাতের পর পদ্ম কেমন আছে, যা বললেন পরীমণি
গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক তাপস গ্রেপ্তার