বদলির পরদিনই বাধ্যতামূলক অবসরে ‘জয় বাংলা’ বলা সিভিল সার্জন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির একদিন না যেতেই বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি একটি টিকাদান কর্মসূচিতে বক্তব্য শেষ ‘জয় বাংলা’ বলাকে কেন্দ্র করে আলোচনায় আসেন তিনি।

সোমবার তাকে অবসরে পাঠিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গতকাল রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এর একদিন না যেতেই সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এ এম আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'যেহেতু, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ (স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন)-এর চাকরিকাল ২৫ বছর পূর্ব হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

গত ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জরায়মুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের উপস্থিতে সিভিল সার্জন জালাল উদ্দিন তার বক্তব্য শেষে জয় বাংলা উচ্চারণ করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া দেখান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 
 
বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ উচ্চারণকে কেন্দ্র করে সিভিল সার্জনের অপসারণের দাবিতে ওইদিন রাতেই বিক্ষোভ করেন যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা। গত ২৭ অক্টোবর সিভিল সার্জন ও জেলা প্রশাসকের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত