হঠাৎ করেই যেন এলোমেলো হয়ে গেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে সাদামাটা পারফর্ম করে যাওয়া ইতালির এসি মিলানের কাছে তারা হেরে গেলে ৩-১ ব্যবধানে। সেটাও আবার ঘরের মাঠে। কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচেও চরম ব্যর্থ। ভিনিসিয়ুস জুনিয়র আশা জাগালেও দলকে জেতাতে পারেননি।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের বেশিরভাগ সময়ই আক্রমণ-পাল্টা আক্রমণে দুর্দান্ত লড়াই হয়েছে। শুরুতেই দারুণ সুযোগ পেয়ে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে। দ্বাদশ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারে হেড থেকে জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও। স্তব্ধ হয়ে যায় রিয়ালের গ্যালারি।
২৩তম মিনিটে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন ভিনি স্বয়ং। এদিকে একের পর এক সুযোগ নষ্ট করে যাচ্ছিলেন এমবাপ্পে। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মিলান। গোলমুখে রাফায়েল লেয়াওয়ের শট গোলকিপার ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে অনায়াসে জালে পাঠান মোরাতা।
রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগে ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় মিলান। লেয়াওয়ের পাস থেকে ঠাণ্ডা মাথায় স্কোরলাইন ৩-১ করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। ৮১ মিনিটে রুডিগার বল জালে জড়ালেও ভিএআরে বাতিল হয়। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান।
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে মার্তিনেজ, বাদ দিবালা
এজাজের মতো স্পিনার ভারতের ক্লাবে প্রতিদিন পাওয়া যায়!