স্পেনের ভয়াবহ বন্যায় লা লিগার আরও এক ম্যাচ স্থগিত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

লা লিগার বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে। এই দুর্যোগে বিশেষ করে ভ্যালেন্সিয়া অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গত ২৯ অক্টোবর থেকে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যার। ফলে সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভ্যালেন্সিয়া ও এসপানিওলের মধ্যকার লিগ ম্যাচটি, তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বুধবার আনুষ্ঠানিকভাবে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়।

বন্যার কারণে শুধু এই ম্যাচই নয়, কোপা ডেল রের পাঁচটি ম্যাচও স্থগিত করে নভেম্বরের শেষদিকে পুনঃনির্ধারণ করা হয়েছে। স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলেও পাঁচটি ম্যাচ স্থগিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ, রায়ো ভায়েকানো-ভিয়ারিয়াল, এবং মালাগা-লেভান্তের ম্যাচ। এছাড়া মেয়েদের শীর্ষ লিগে ভ্যালেন্সিয়া-দেপোর্তিভো এবং রিয়াল-লেভান্তে ম্যাচও স্থগিত করা হয়েছে।

বন্যার্তদের সহায়তায় লা লিগা কর্তৃপক্ষ ম্যাচ সম্প্রচারের সময় দর্শকদের সাহায্যের আহ্বান জানাচ্ছে, আর বিভিন্ন ক্লাবও সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন চালিয়ে যাচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এই বন্যাকেই স্পেনের সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যখন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত দুইশো মানুষের প্রাণহানি ঘটেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত