তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে: মির্জা ফখরুল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে।

বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যদি তাদের সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে। উপযুক্ত সময়ে তারা নির্বাচন দিতে সক্ষম হলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।

ফখরুল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক-জনতা দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। এর পরের রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিল গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেন। এই দর্শনে দীর্ঘকাল দলটি গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করছে বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত