এনআইএমসিতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (এনআইএমসি) ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম: অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর দারুস সালামে ইনস্টিটিউটের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি গণঅভ্যুত্থান পরবর্তী অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে আরও প্রসারিত হয়েছে উল্লেখ করে অনুসন্ধানী সাংবাদিকতার অপরিহার্যতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। 

ইন্সটিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য দেন চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। 

কর্মশালায় আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম মোল্লা, এনআইএমসির পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হক। কর্মশালাটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মারুফ নাওয়াজ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত