সাত ম্যাচে ২৯ গোল বার্সার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ এএম

ম্যাচ জুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল বার্সেলোনা। আবারও মেতে উঠল গোল উৎসবে। সার্বিয়ান ক্লাব ক্রেনা জেজদাকে ৫-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল।

মোনাকোর মাঠে হেরে আসর শুরুর পর টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল বার্সেলোনা। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করল কাতালান দলটি। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সাত ম্যাচে টানা জয়ের পথে মোট ২৯ গোল করল ফ্লিকের কোচিংয়ে বদলে যাওয়া বার্সেলোনা। বুধবার দলের জয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। একবার করে জালের দেখা পান রাফিনিয়া, ইনিগো মার্তিনেজ ও ফের্মিন লোপেস।

বেলগ্রেডের রেডস্টার স্টেডিয়ামে শুরুতে ৮০ শতাংশের বেশি পজিশন ধরে রেখে খেলা বার্সেলোনা এগিয়ে যায় ১৩ মিনিটে। রাফিনিয়ার ফ্রি-কিকে দূরের পোস্টে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেজ। ২০ মিনিটে কর্নারে রাফিনিয়ার বাঁকানো শট লাগে পোস্টে। চার মিনিট পর ভালো একটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২৭ মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। সতীর্থের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন কঙ্গোর ফরোয়ার্ড সিলাস। কিন্তু ৪৩ মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট পোস্টে লাগার পর কাছ থেকে জালে পাঠান লেভানডফস্কি। তবে এই পোলিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে অবিশ্বাস্যভাবে শট লক্ষ্যে রাখতে পারেননি।

তিন মিনিট পরই অবশ্য নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান তিনি। ডান দিক থেকে কুন্দের পাস দূরের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন তিনি। চলতি আসরে চার ম্যাচে লেভার গোল হলো পাঁচটি। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোল এখন ৯৯টি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১৯ গোল করলেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার।

দুই মিনিট পর স্কোরলাইন ৪-১ করে ফেলেন রাফিনিয়া। এই গোলেও সহায়তা করেন কুন্দে। ফরাসি এই ডিফেন্ডারের পাসে বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে প্রথম ১০ ম্যাচে জালের দেখা না পাওয়া রাফিনিয়া প্রতিযোগিতাটিতে সবশেষ ছয় ম্যাচে করলেন আট গোল, সবগুলোই গত এপ্রিল থেকে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় এক পঞ্জিকাবর্ষে এত গোল বার্সেলোনার হয়ে সবশেষ করতে পেরেছিলেন লিওনেল মেসি, ২০১৯ সালে।

৫৮ মিনিটে রাফিনিয়ার বদলি নেমে ৭৬তম মিনিটে জালের দেখা পান ফের্মিন লোপেজ। তার এই গোলে অবদান রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক পূরণ করেন কুন্দে। ৮৪ মিনিটে ব্যবধান কমান বেলগ্রেডের মিলসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত