০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:০৪ এএম

ব্যাট হাতে ধারাবাহিকভাবে ‘উন্নতি’ করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সর্বশেষ চার ওয়ানডে ইনিংস কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ধরলে মাহমুদউল্লাহ সর্বশেষ চার ইনিংসে করেছেন যথাক্রমে ০, ১, ২ এবং ৩ রান! এমন ‘ধারাবাহিকতা’ সম্ভবত ক্রিকেট ইতিহাসেই বিরল। আফগানিস্তানের বিপক্ষে গতকাল জিতেছে বাংলাদেশ, কিন্তু প্রশ্ন রেখে গেছেন মাহমুদউল্লাহ।

শনিবারের ম্যাচটিতে নানগেয়ালিয়া খারোটের করা ৪১তম ওভারে মাহমুদউল্লাহ যেভাবে আউট হলেন, তাতে তার ম্যাচ সচেতনতা নিয়ে প্রশ্ন উঠে যায়। দুই বল আগেই আউট হয়েছেন সর্বোচ্চ ৭৬ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু মাহমুদউল্লাহ যেন সেটি ভুলেই গেলেন। খারোটের বলটি ছক্কা মারার চেষ্টায় লং অফে ধরা পড়লেন আজমাতউল্লাহ ওমারজাইয়ের হাতে। ৯ বলে তার সংগ্রহ ৩ রান।

প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ আউট হয়েছিলেন রশিদ খানের গুগলি বুঝতে না পেরে। রশিদ খানের মতো বোলার ওভারে অন্তত তিনটি গুগলি দিয়ে থাকেন, মাহমুদউল্লাহর সেটা অজানা থাকার কথা নয়। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতাসম্পন্ন মাহমুদউল্লাহ বুঝতেই পারেননি রশিদের গুগলি। সোজা বোল্ড হয়ে ফিরেন ৫ বলে ২ রান করে। গতকাল এক রান বেশি করেছেন।

ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করেও ‘অভিজ্ঞ কোটা’য় খেলে যাচ্ছেন ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ। নির্বাচকেরাও তাকে খেলিয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা তাই বলাবলি করছেন, এক-দুই-তিন করে উন্নতির ধারাবাহিকতায় একদিন অবশ্যই সেঞ্চুরি পেয়ে যাবেন মাহমুদউল্লাহ। তারপর হয়তো অবসরের কথা ভাববেন। ৩ রান তো হয়েই গেছে, প্রয়োজন আর মাত্র ৯৭টি ম্যাচের!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত